সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন হিজড়ারা

হিজড়া হিসেবে পরিচিত তৃতীয় লিঙ্গের মানুষরা নারী ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তৃতীয় লিঙ্গের মানুষদের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার খবরের মধ্যে গতকাল বুধবার দেশ রূপান্তরকে তিনি এ তথ্য জানান। হেলালুদ্দীন বলেন, ‘তারা যেহেতু নারী হিসেবে ভোটার হয়েছেন, সেহেতু এখন তাদের জন্য সংরক্ষিত আসনেই অংশগ্রহণের সুযোগ থাকবে। তৃতীয় লিঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা আসনের ব্যবস্থা করা হতে পারে। কিন্তু আপাতত তাদের সংরক্ষিত নারী আসনেই অংশ নিতে হবে।’

গত মঙ্গলবার তৃতীয় লিঙ্গের ফাল্গুনী ও অঙ্কিতা লাইনে দাঁড়িয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন। এ সময় সাংবাদিকদের কাছে তারা বলেন, সংসদে তাদের জীবনসংগ্রাম এবং সমস্যাগুলো বলার কেউ নেই।

ফাল্গুনী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা মানুষের কাছে গিয়ে টাকা তুলে জীবন চালাতাম, নিজেরা কিছু করার সুযোগ পাইনি। কিছুদিন আগে আমাদের সম্প্রদায়ের নেতা ময়ূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ময়ূরী এবং আমিসহ আরও আটজন ফরম কিনেছি। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার জাতীয় সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে। আর সেই অধিকার আদায়ের জন্য আমরা সংসদে যেতে চাচ্ছি।’

তৃতীয় লিঙ্গের নাগরিকদের প্রার্থী হতে চাওয়ার খবরে তারা সংরক্ষিত আসনে ভোটে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের নাগরিক হিসেবে তাদের এই অংশগ্রহণ বৈধ। তাদের জন্য যে গেজেট হয় তাতে তারা নারী ভোটার হিসেবে ভোটাধিকার পেয়েছে।

আগামী ১৮ জানুয়ারির মধ্যে মনোনয়ন ফরম পূরণ করে জমা দিতে হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ টি। আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের। মনোনয়ন ফরমের দাম ধার্য করা হয়েছে ৩০ হাজার টাকা। সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে। একাদশ জাতীয় সংসদে প্রাপ্ত ২৫৭ আসনের বিপরীতে একক দল হিসেবে ৪৩টি আসনে মনোনয়ন দিতে পারবে আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে গত মঙ্গলবার।