শনিবার দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

আগামী ১৯ জানুয়ারি দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে প্রাক-প্রাথমিক প্রস্তুতি হিসেবে গতকাল বুধবার জেলা পর্যায়ে সিভিল সার্জন কার্যালয়ে ওরিয়েন্টেশন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদকর্মীদের জানানো হয় নিজ জেলার উদ্যোগ। এবার ছয় থেকে ১১ মাসের শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : শতভাগ সফলতার লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৭১৮ শিশু। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায়ে লক্ষ্যমাত্রা ও উদ্যোগের কথা জানান সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

শরীয়তপুর : শরীয়তপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সিভিল সার্জন সম্মেলনকক্ষে শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা মহাখালীর সহযোগিতায় এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান। এ সময় শরীয়তপুর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. সৈয়দা সাহিনুর নাজিয়াসহ জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা : ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শেখ কুদরাত-ই-খুদার সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

গোপালগঞ্জ : ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোপালগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ সিভিল সার্জনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ডা. তপন মজুমদার, ডা. বুদ্ধদেব সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মো. নাহিদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোলা : জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কেন্দ্রের সভাকক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, মোকাম্মেল হক মিলন, নজরুল হক অনু প্রমুখ। এতে ৪০ সংবাদকর্মী অংশ নেন।

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে মোট ৭৮ হাজার ৮০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার। গতকাল বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।