অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছে টিআইবি : সিইসি

একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। গত মঙ্গলবার টিআইবি সংসদ নির্বাচন নিয়ে গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করে সংবাদ সম্মেলনে জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনের প্রতিটিতে এক বা একাধিক ভোটকেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪১ আসনে পড়েছে জাল ভোট।  আর ৩৩ আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে। এমন তথ্য প্রকাশের পর নির্বাচন কমিশন থেকে প্রতিক্রিয়ায় বলা হয়,  ‘টিআইবির প্রতিবেদন মনগড়া, পূর্বনির্ধারিত।’

সিইসি বলেন, ‘শুধু গণমাধ্যম, আমাদের কর্মকর্তা, নির্বাচনী তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে তথ্য নিয়েছি, এমন হয়নি। টিআইবি যেরকম বলেছে, তার সত্যতা নেই।’ ইসির ভূমিকা নিয়েও টিআইবি প্রশ্ন তুলেছে জানালে তিনি বলেন, ‘এটা অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। এ কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি।’

এ ছাড়া আগামী মার্চে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সিইসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মার্চে শুরু হওয়া উপজেলা নির্বাচনের মধ্যেই এ নির্বাচন করা হবে। বিষয়টি উপজেলা নির্বাচনে প্রভাব ফেলবে না। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে।’