মোবাইল ফোন অপারেটরদের দেওয়া ইন্টারনেট সেবায় সাত দিনের নিচে আর কোনো প্যাকেজ থাকছে না। গতকাল বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, মোবাইল ফোন অপারেটরদের দেওয়া ইন্টারনেট সেবায় সাত দিনের নিচে আর কোনো প্যাকেজ থাকছে না। আগামী ২৭ জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর করতে শিগগিরই অপারেটরদের চিঠি পাঠানো হবে।
এর আগে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা থেকে সরে এসেছিল নিয়ন্ত্রক সংস্থাটি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ওই সময় সিদ্ধান্ত নেওয়া হলেও বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির বহু প্যাকেজ থাকায় তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা যায়ানি। ওই প্যাকেজগুলো আগামী ১ ফেব্রুয়ারির আগেই শেষ হয়ে যাবে।’
এ বছর মোবাইল নেটওয়ার্ক ও ডেটার গুণগত সেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ জানিয়ে জহুরুল হক বলেন, গুণগত সেবা না দিতে পারলে প্রয়োজনে অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কল ড্রপের অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।