নদীতে কলেজ শিক্ষকের হাত পা বাঁধা লাশ

নওগাঁর ধামইরহাটের ঘুকসি নদী থেকে জগদল আদিবাসী স্কুল ও কলেজের বিএম শাখার বাংলার বিভাগের প্রভাষক এম এম জামালউদ্দিনের (৪৭) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ধামইরহাট বাজারের ঘুসকি ব্রিজের উত্তর পাশের ঘুকসি নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। লাশটি উপুড় হয়ে থাকায় এ সময় পরিচয় শনাক্ত করতে পারেনি তারা। পুলিশ গিয়ে হাত ও পা এবং কোমর রশি দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়রা লাশটি জামালের বলে শনাক্ত করে। নিহত জামাল উপজেলার জাহারপুর ইউনিয়নের অন্তর্গত সাহাপুর গ্রামের মরহুম কায়েমউদ্দিনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জামালের বড় ভাই আবদুল ওয়াদুদ বলেন, জামাল ঋণগ্রস্ত ছিল। গত শনিবার কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণ তাকে হত্যা করা হয়েছে সেটি তদন্ত না করে বলা যাবে না। তবে জামাল ঋণগ্রস্ত ছিলেন। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।