বিবৃতিতে ফখরুল

নির্বাচনের পর আরও অত্যাচারী হয়ে উঠেছে আ.লীগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘নির্বাচনের পর আরও বেশি অত্যাচারী হয়ে উঠেছে আওয়ামী লীগ। তাদের নিষ্পেষণে অতিষ্ঠ দেশবাসী।’ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ।  অজানা আতঙ্ক ও নিষ্পেষণে দেশবাসী কাতরাচ্ছে। নির্বাচনের নামে নাটক করে আওয়ামী শাসকগোষ্ঠী জোরজবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। এরপর আরও বেশি মাত্রায় অত্যাচারী শাসন অব্যাহত রেখেছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।’ তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের দিন আওয়ামী লীগ ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। আর সেই হামলার শিকার হয়ে গুরুতর আহত চট্টগ্রাম (দক্ষিণ) জেলাধীন পটিয়া উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল হক তালুকদার চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুর মুখে ঢলে পড়েছেন।’ তার মৃত্যুর ঘটনায় সন্ত্রাসীদের প্রতি ধিক্কার জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।