দেম্বেলে-মেসির নৈপুণ্যে কোয়ার্টার-ফাইনালে বার্সা

জোড়া গোল করলেন ফর্মে থাকা উসমানে দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ডকে দিয়ে একটি গোল করিয়ে নিজেও জাল খুঁজে নিলেন লিওনেল মেসি। তাতে লেভান্তেকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।

কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে লেভান্তেকে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। গত বৃহস্পতিবার প্রতিপক্ষটির মাঠে প্রথম লেগে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করল এরনেস্তো ভালভেরদে দল।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সেলোনা। অবশ্য গোল পেতে অপেক্ষা করতে হয় খানিকটা সময়। ৩০ তম মিনিটে দলকে এগিয়ে নেন নেন দেম্বেলে। প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান আক্রমণভাগের এই খেলোয়াড়।

পরের মিনিটেই ব্যধধান দ্বিগুণ করেন দেম্বেলে। মেসির দ্রুত গতির পাসে বল পেয়ে কোণাকুণি শটে একা থাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। এই নিয়ে চলতি মৌসুমে ২৬ ম্যাচে ১২টি গোল করলেন উদীয়মান এই তারকা।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন দেম্বেলে। ডি-বক্সের মাঝ থেকে শট নিয়েও জাল বল জড়াতে পারেননি তিনি।

বিরতিতে যাওয়ার আগে দুই মিনিটের ব্যবধানে ফিলিপে কৌতিনিয়ো ও মেসির দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন লেভান্তে গোলরক্ষক। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

৫৪তম দলকে তৃতীয় গোলটি এনে দেন ছন্দে থাকা মেসি। নেলসন সেমেদোর ক্রস থেকে গোলটি করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এই নিয়ে চলতি মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়াল ২৩ ম্যাচে ২৪টি।

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা অপর সাতটি দল হলো- রিয়াল মাদ্রিদ, গেতাফে, রিয়াল বেতিস, সেভিয়া, ভালেন্সিয়া, জিরোনা ও এস্পানিওল।