পটুয়াখালীর দুমকিতে অসহায় ও দরিদ্র মানুষের শীতকষ্ট নিবারণে সহায়তার এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ‘মানবতার দেয়াল’। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে উদ্যোগটি এলাকায় বেশ সাড়াও ফেলেছে। শহরের সরকারি জনতা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম তার কয়েকজন সাবেক ছাত্র ও স্থানীয় তরুণকে নিয়ে শীতার্ত মানুষকে শীতবস্ত্র সহায়তা দিতে ‘মানবতার দেয়াল’ নামে এ কার্যক্রম শুরু করেছেন। শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ওয়াহিদুল ইসলাম, রুহুল আমীন, দেবাশীষ, রিফাত, রাইম ও তানভির আলমসহ ৮-৯ জন তরুণকে নিয়ে এক সপ্তাহ আগে (গত শনিবার) ‘মানবতার দেয়াল’ কার্যক্রম শুরু করেন তিনি। শহরের কলেজ গেটের সামনের দেয়ালটি বেছে নিয়ে সেখানে নিজেদের ব্যবহার করা পুরনো শীতবস্ত্র এনে ঝুলিয়ে রাখেন। আর প্রচারের অংশ হিসেবে দেয়ালে লিখে দেনÑ ‘যার যেটা প্রয়োজন, তিনি সেটা নিন, আপনার অপ্রয়োজনীয়টা রেখে যান।’
শহিদুল জানান, কার্যক্রম শুরুর পর থেকেই এ উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে। সাধারণ মানুষ বিশেষ করে তরুণ-তরুণীরা তাদের পুরনো শীতবস্ত্র দেয়ালের নির্দিষ্ট স্থানে রেখে যাচ্ছেন। আর দরিদ্র মানুষেরা সেখান থেকে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছেন। কার্যক্রমটির উদ্যোক্তাদের মধ্যে একজন ওয়াহিদুল ইসলাম বলেন, দরিদ্র ও অসহায় মানুষ যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই, তাদের শীতকষ্ট নিবারণে শহিদুল ইসলাম স্যারের পরামর্শে সহপাঠী বন্ধুদের নিয়ে এ কাজ শুরু করেছি। এখান থেকে ইতোমধ্যে অনেক শীতার্ত মানুষ তাদের প্রয়োজনীয় শীতবস্ত্র নিয়েছেন। তবে আমরা কাউকে নিতে দেখিনি, লোকলজ্জার কারণে হয়তো তারা রাতের বেলা নিয়েছেন।