শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে সারা দেশে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমি বিশ^াস করি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব কাজ হয় স্বচ্ছতার ভিত্তিতে। কাজেই শিক্ষক নিয়োগের বিষয়টিও সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে হবে।
দীপু মনি গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গত ১০ বছরে শিক্ষা খাতে অসামান্য অর্জনের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এত বড় দেশ, এত মানুষ এবং এত শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে কিছু সমস্যা রয়ে গেছে। এগুলো সমাধানের কাজ চলছে। সেসব সমাধানের কাজ এগিয়ে নেওয়া হবে। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা না থাকে সে বিষয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাক্তন ছাত্র সুনিল কৃষ্ণ মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিনভর আড্ডা ও স্কুলজীবনের নানা স্মৃতি নিয়ে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা।