‘জাদুঘরের সেরা সংগ্রাহক’ ওলি মিয়ার মৃত্যু

জাতীয় জাদুঘরের সংগ্রহশালার জন্য পুরাতাত্ত্বিক নিদর্শন এনে দিয়ে সেরা সংগ্রাহকের খেতাব পাওয়া ওলি মিয়া মারা গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকার একটি হাসপাতালে ওলির মৃত্যু হয় বলে তার ছোট জামাতা নুরুল হক খান জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নুরুল হক দেশ রূপান্তরকে বলেন, আজ শনিবার সকাল ৯টায় চাঁদপুর সদরের বাবুরহাট কলেজ মাঠে ওলির জানাজা হবে। এরপর বাবুরহাট পৌরসভার ১৪ নম্বর ইউনিয়নের দাসদী গ্রামে স্ত্রী ও ছেলের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

গত ২১ ডিসেম্বর দেশ রূপান্তরের শেষ পাতায় ‘জাদুঘরের সেরা সংগ্রাহক একজনই ওলি মিয়া’ শিরোনামে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছিল। সেখানে লেখা ছিল, তিনি প্রথম মাত্র সাড়ে চার হাজার টাকার বিনিময়ে জাতীয় জাদুঘরকে সংগ্রহ করে দিয়েছিলেন মোগল সম্রাট আলমগীরের আমলের এক রুপার সিংহাসন। ১৯৮৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৩০ বছর জাদুঘরকে দুই থেকে তিন হাজার ভরি সোনা-রুপার অলংকার, চার থেকে পাঁচ হাজার ধাতব মুদ্রা সংগ্রহ করে দিয়েছেন। ২০১৮ সালে জাদুঘরের ৫০ বছর উপলক্ষে ১০ হাজার সংগ্রহদানকারী ওলি মিয়াকে বিশেষ সম্মাননা দেয় কর্র্তৃপক্ষ।

২০০৫ সালে সংগ্রহের সঙ্গী ও প্রিয় ছেলে কামরুজ্জামান আকাশ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় পর তার সংগ্রহ থেমে যায়, তিনিও অসুস্থ হতে থাকেন। এ বছরের ১২ জানুয়ারি ওলি মিয়ার ‘ব্রেন স্ট্রোক’ হলে তাকে চাঁদপুর সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৭ জানুয়ারি ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয়।