আপনাকে দিয়ে ফেসবুকের আয়ের কৌশল জানেন তো?

ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যবহার করে ফেসবুক কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। অথচ অধিকাংশ মানুষ জানেন না সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্রতিষ্ঠানটি কীভাবে তাদের দিয়ে আয় করছে!

পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে তিন চতুর্থাংশ ব্যবহারকারী জানেন না, কীভাবে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ফেসবুক বিজ্ঞাপনদাতাদের থেকে অর্থ নেয়।

একজন ফেসবুক ব্যবহারকারী কী পছন্দ করেন, কী করেন না সেটি তার ‘লাইক’, ‘কমেন্ট’ দেখে সহজে বোঝা যায়। তিনি কোন কোন পেজে বেশি সময় কাটান, কী বেশি খোঁজেন, তার পছন্দের তালিকায় কী রয়েছে এসব তথ্য ফেসবুক নিয়মিত সংগ্রহ করে। তারপর সেটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে। সেগুলো বিশ্লেষণ করে ফেসবুকে নিজেদের পণ্যের বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানগুলো।

ব্যবহারকারী ওই অর্থের কিছুই পান না। সব চলে যায় ফেসবুকের অ্যাকাউন্টে।

ফেসবুক সব সময় দাবি করে, ব্যবহারকারীর তথ্য স্বচ্ছতার সঙ্গে সংরক্ষণ করা হয়। তাদের এই দাবি নিয়ে যথেষ্ট বিতর্কও আছে।

পিউ রিসার্চ যুক্তরাষ্ট্রের ৯৬৩ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে জরিপ চালিয়েছে। ৭৪ শতাংশ ব্যবহারকারী বলছেন, ফেসবুক তাদের আগ্রহের তালিকা সংরক্ষণ করে এটি তারা জানেন না। ৫১ শতাংশ বলছেন, ফেসবুকের এমন কাজে তারা স্বস্তি বোধ করেন না।

এই জরিপটি এমন সময় প্রকাশ করা হল, যখন ফেসবুকের ‘টেন ইয়ার চ্যালেঞ্জ’ নিয়ে চারদিকে তুমুল আলোচনা।

প্রযুক্তি বিষয়ক লেখিকা ক্যাট ও’নেইলের মতে, চেহারা শনাক্তকারী এলগরিদমকে প্রশিক্ষিত করে তুলতে নতুন এ আকর্ষণ হাজির করেছে ফেসবুক।

টুইটার বার্তায় তিনি বলেন, বয়স বাড়ার কারণে মানুষের মধ্যে কীরকম পরিবর্তন হচ্ছে সেটি অনুসন্ধান করতে চায় সামাজিক যোগাযোগমাধ্যমটি। এর মধ্য দিয়ে মানুষের এ ধরনের বৈশিষ্ট্যগত তথ্য সংগ্রহ করে নিচ্ছে তারা।

ফেসবুক আবার সেটি মানতে নারাজ। এক বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমটি জানায়, ফেসবুক ব্যবহারকারীরা নিজ উদ্যোগেই ‘টেন ইয়ার চ্যালেঞ্জ’ ছড়িয়ে দিয়েছে। এখানে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়, ফেসবুক ব্যবহার করে মানুষ আনন্দ পায়।