লক্ষ্মীপুরে গ্রামীণফোনের নেটওয়ার্কে বিপর্যয়

লক্ষ্মীপুর জেলার ৫ উপজেলায় গত চার দিন গ্রামীণফোনের নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন শত শত গ্রাহক। শনিবার বিকেল পর্যন্ত ফোনে কল আসলেও কোনো কলদাতার সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি বলে জানান অভিযোগকারীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, আরো দুই-একদিনের মধ্যেই সমাধান হবে।

নেটওয়ার্ক সমস্যায় অনলাইনভিত্তিক ব্যবসাসহ শিক্ষাকার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবির জানান, গত পাঁচ দিন জেলার সব উপজেলায় গ্রামীণফোনের নেটওয়ার্ক চরম সমস্যা করছে। সংবাদ প্রেরণ করতেও সমস্যা হচ্ছে। কথার মাঝখানে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার সংযোগ পেলেও অপর প্রান্ত থেকে কথা বললে তা শোনা যায় না।

রামগঞ্জ উপজেলার গৃহবধূ সায়লা পারভিন জানান, আমার স্বামী প্রবাসে থাকেন। প্রতিদিন তিনি বিদেশ থেকে স্কুল পড়ুয়া বাচ্চাদের খবর নিতেন। গত চার-পাঁচ দিন তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, গত কয়েক দিনে আমরা বেশ কিছু চিহ্নিত আসামি গ্রেপ্তার করতে পারিনি। আমাদের সোর্সরা কল দিলেও তা বোঝা যায় না। বারবার কেটে যাচ্ছে সংযোগ।

মোবাইল ফোন ব্যবসায়ী এমরান হোসেন পাটওয়ারী ও মো. পলাশ জানান, গত কয়েক দিনে শতাধিক গ্রাহক এসেছেন তাদের ফোন নষ্ট হয়ে গেছে কি না তা দেখাতে। যখন দেখলাম একের পর এক মোবাইল নিয়ে দোকানে আসছেন, তখন বোঝা গেল গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা করছে।

জেলার দায়িত্বে থাকা গ্রামীণফোনের সুপারভাইজার আবুল বাশারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ১২১-এ কল দিয়ে সমস্যার কথা জানাতে বলেন। ১২১-এ শনিবার (বিকেল ৩.৫৫ মিনিট থেকে ৪.১৫) কল দেওয়া সম্ভব হয়নি।

জেলায় দায়িত্বরত গ্রামীণফোনের টেরিটরি ম্যানেজার নাম প্রকাশ না করে জানান, আমি আসলে টেকনিক্যাল সাইট দেখি না। তারপরও বিভিন্ন মানুষের অভিযোগের প্রেক্ষিতে হেড অফিসকে অবগত করা হয়েছে। হেড অফিস থেকে জানানো হয়েছে আজ-কালকের মধ্যেই তা সমাধান হয়ে যাবে। তবে কী কারণে নেটওয়ার্কের এমন বিপর্যয় তা তিনি জানাতে পারেননি।