মালয়েশিয়ায় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ইসরায়েলিদের অংশ নেওয়ার অনুমতি দেননি দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল শনিবার তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দ্য স্টার। তার এমন সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা জানিয়েছে ইসরায়েল। আগামী জুলাই মাসে মালয়েশিয়ার সারওয়াকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রায় ৭০টি দেশ অংশ নেবে। আগামী বছর হবে টোকিও প্যারা-অলিম্পিক। তার আগে এই প্রতিযোগিতাকে দেখা হচ্ছে মাইলস্টোন হিসেবে। ইসরায়েল বলছে, মাহাথির মোহাম্মদ ইসরায়েলের ক্রীড়াবিদদের ভিক্টিম বানিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোন বলেছেন, ইহুদিবিরোধী মনোভাব থেকে মাহাথির এ সিদ্ধান্ত নিয়েছেন।