সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সব দল নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করেছে। তিনি বলেন, দলমত-নির্বিশেষে সবার জন্য সমান কাজ করব। সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করব।

তিনি বলেন, বিজয় পাওয়া যত কঠিন, জনগণের জন্য কাজ করে সেই বিজয় ধরে রাখা কঠিন, সেই কঠিন কাজটি আমাদের করতে হবে। প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে। তিনি বলেন, প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত ‘বিজয় সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ ও মহাজোটকে বিজয়ী করেছে। এই বিজয় কেবল আওয়ামী লীগের নয়, এ বিজয় স্বাধীনতার সপক্ষের শক্তির, এ বিজয় সকল জনগণের। বিজয় উৎসবে আসার জন্য তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের পক্ষে জনগণ রায় দিয়েছে। জনগণ ভোট দিয়েছে, সে ভোটের সম্মান যাতে থাকে, অবশ্যই আমরা তা মাথায় রেখে সার্বিকভাবে সুষম উন্নয়ন করে যাব। এ রায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে রায়; দুর্নীতির বিরুদ্ধে রায়। নির্বাচিত প্রতিনিধিদের এটা মনে রাখতে হবে।

তিনি বলেন, তরুণদের জন্য সুন্দর বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ গড়ার এবং মুক্তিযুদ্ধের সপক্ষে রায় দিয়েছে জনগণ। তিনি বলেন, আমরা যে অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পক্ষে রায় দিয়েছে দেশের মানুষ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হয়ে বাংলাদেশ এগুলো উদ্যাপন করবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।  শেখ হাসিনা বলেন, আমি আমার জীবন উৎসর্গ করেছি। স্বজন হারানোর বেদনা নিয়েও প্রতিজ্ঞা করেছি, এ দেশকে গড়ে তোলার অঙ্গীকার করেছি।

প্রধানমন্ত্রী পুলিশ, বিজিবি, আনসারসহ সকল সংস্থা এবং গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান। তিনি ভোটার ও তৃণমূলের নেতা-কর্মীদেরও ধন্যবাদ জানান।

মঞ্চে শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, দীপু মনি এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতা ও মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্য।