এরশাদ আজ সিঙ্গাপুর যাচ্ছেন জি এম কাদের চেয়ারম্যান

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য আজ  সিঙ্গাপুরে যাচ্ছেন। দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। জাতীয় পার্টির নেতারা জানান, এরশাদ খুবই অসুস্থ। গত ৫ জানুয়ারি থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। তিনি উঠে দাঁড়াতে পারেন না।

এরশাদের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের  চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ নিয়ে দলে অসন্তোষ লেগেই আছে।

জাপার একজন সিনিয়র সদস্য জানিয়েছেন, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর এরশাদের অবর্তমানে জি এম কাদেরের চেয়ারম্যান হওয়া এবং সংসেদ জাপা বিরোধী দলে থাকবে, কেউ মন্ত্রী হতে পারবেন না  এই সিদ্ধান্তের পরই রওশনের সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। রওশনপন্থিরা ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতি সামাল দিতে গত ৩ জানুয়ারি জাপার ২১ সাংসদকে নিয়ে বনানী কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন রওশন এরশাদ ও জি এম কাদের। কিন্তু বৈঠক কোনো মীমাংসা আনতে পারেনি।

জানা গেছে, এ পর্যন্ত এরশাদের সঙ্গে রওশনের মুখ দেখাদেখি নেই। আজ তার সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

গতকাল এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

এদিকে গত শুক্রবার আরেক বার্তায় জানানো হয়, এইচ এম এরশাদের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এর আগে এরশাদ গত ১ জানুয়ারি এক চিঠিতে তার অবর্তমানে জাপার চেয়ারম্যান পদে তার ভাই জিএম কাদেরের নাম ঘোষণা করেছিলেন।