খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি জেলা সদরের গাছবান এলাকায় বাড়িতে ঢুকে ইউপিডিএফ কর্মী রনি ত্রিপুরা ওরফে পিপলুকে (৪১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রামগড়ে জনসংহতি সমিতির সদস্যকে খুনের পাঁচ দিনের মাথায় ইউপিডিএফ কর্মী হত্যার এ ঘটনা ঘটল।

নিহত রনি ত্রিপুরা জেলার রামগড় উপজেলার বল্টুরাম পাড়া গ্রামের মৃত নিগমানন্দ বৈষ্ণব ত্রিপুরার ছেলে। তিনি সদরের গাছবান তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে রনিকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, রনি ত্রিপুরা ২নং গাছবান এলাকায় বসবাস করতেন। ইউপিডিএফর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৪/৫জন অস্ত্রধারী লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বিবদমান আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি সমিতি।

এর আগে গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় জেলার রামগড়ে জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের সদস্য মোহন ত্রিপুরাকে (৩০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।