শারাপোভা-কেরবারের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শেষ ষোলোয় বড় অঘটনের শিকার হয়েছেন মারিয়া শারাপোভা। রুশ কন্যাকে ছিটকে দিয়েছেন পঞ্চদশ বাছাই অ্যাশলেই বার্টি। 

ছন্দ ধরে রাখতে পারলেন না বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা আঞ্জেলিক কেরবার। যুক্তরাষ্ট্রের আনকোড়া ড্যানিয়েলে কলিন্সের কাছে হেরে গেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই জার্মান।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রোববার পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জেতা শারাপোভাকে ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হারান অস্ট্রেলিয়ার বার্টি। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠলেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়।

শারাপোভাকে হারিয়ে উচ্ছ্বসিত মার্টি। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক এই খেলোয়াড় মুখোমুখি হবেন ছষ্ঠ বাছাই পেত্রা কেভিতোভার। শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় সরাসরি সেটে হারান যুক্তরাষ্ট্রের ১৭ বছর বয়সী খেলোয়াড় আমান্ডা অ্যানিসিমোভাকে।

শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছেন অন্যতম ফেভারিট কেরবার। উইম্বলডন চ্যাম্পিয়নকে ৬-০, ৬-২ গেমে হারান অবাছাই কলিন্স।

কোয়ার্টার-ফাইনালে ২৫ বছর বয়সী এই খেলোয়াড় মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স বা রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেনকোভার সঙ্গে।