টেস্টে পাকিস্তানের ভরাডুবি নিয়ে তদন্ত করবে বোর্ড

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সাদা পোশাক, লাল বলের ক্রিকেটে প্রোটিয়াদের সামনে কোনো ম্যাচেই প্রতিরোধ গড়তে পারেনি সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। ওয়ানডে মিশনটা অবশ্য জয় দিয়েই শুরু হয়েছে তাদের। শনিবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান।

কিন্তু টেস্টের ব্যর্থতা কি আর মুছে যাওয়ার সুযোগ আছে তাতে! ওয়ানডে সিরিজ জিতলেও হয়তো টেস্টে ব্যর্থতার ক্ষত শুকানোর নয়। পাকিস্তান ক্রিকেটে বোর্ড (পিসিবি) তাই টেস্ট সিরিজে দলের ব্যর্থতার কারণ খুঁজতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

পিসিবি চেয়ারম্যান এহসান মনি তদন্তের কথা জানিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স খুবই হতাশার। ভক্তরা যে খুবই হতাশ এমন বলতেও ভোলেননি তিনি। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি আরো জানান, দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষেই তদন্তে নামবে বোর্ড।

‘‘কোনো সন্দেহ নেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে যেভাবে আমাদের দল পারফর্ম করেছে তাতে সবাই খুব হতাশ। আমরা গভীর তদন্তের মাধ্যমে এমন পরাজয়ের কারণ খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করব।’’- সংবাদ মাধ্যমকে বলেন এহসান মনি।

দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষেও ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারে পাকিস্তান। বোর্ডের একটি বিস্বস্ত সূত্রের বরাত দিয়ে পিটিআই জানাচ্ছে, এহসান মনি ইতিমধ্যে ক্রিকেট কমিটির চেয়ারম্যান মহসিন খানকে তদন্তের ব্যাপারে নির্দেশনা দিয়ে দিয়েছেন। কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে রিপোর্টও তৈরি করতে বলেছেন। যারা ব্যর্থতার কারণ খুঁজে সাফল্যের পথ বের করতে পরামর্শ দেবেন।

মহসিন খানের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটিতে অন্যন্য সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এবং মিসবাহ-উল-হক। কমিটির অপর সদস্য পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ।