ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ইন্দোনেশিয়া যাচ্ছি

অ্যানি খান। এক যুগেরও বেশি সময় ধরে ছোট পর্দা মাতাচ্ছেন। অসংখ্য নাটকের পাশাপাশি প্রায় ১০০ বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। বর্তমানে ব্যস্ত আছেন একাধিক ধারাবাহিক ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

লাইট-ক্যামেরা-অ্যাকশন

আমি এখন পুবাইলে ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকের শ্যুটিং করছি। এটি লিখেছেন সাগর জাহান। যৌথভাবে পরিচালনা করছেন আকাশ ও রতন। এখানে আমার চরিত্রটি খুবই মজার। আমার স্বামী আরফান আহমেদ পাগল। তাকে নিয়ে ঘটতে থাকে অদ্ভুত সব কা-। ধারাবাহিকটি অচিরেই যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

নতুন আরও দুই ধারাবাহিক

সম্প্রতি নতুন আরও দুটি ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছি। একটির নাম ‘বাচাল’। এটি পরিচালনা করছেন চন্দন চৌধুরী। আমার বিপরীতে আছেন মীর সাব্বির। অন্য ধারাবাহিকটির নাম ‘জুলি বিউটিফুল’। বিপ্লব হায়দার পরিচালিত এই নাটকে আমার বিপরীতে দেখা যাবে শ্যামল মাওলাকে। দুটি নাটকই প্রচারের অপেক্ষায় রয়েছে।

প্রচার চলতি ধারাবাহিক

নতুন তিনটি ছাড়া আরও পাঁচটি ধারাবাহিক নাটক করছি নিয়মিত। ‘চাপাবাজ’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে বৈশাখী টিভিতে। নাটকটি খুবই মজার। একটি গ্রামের সবাই চাপাবাজি করে। আমি এই নাটকে ময়মনসিংহের ভাষায় কথা বলি। নাটকটিতে বেশ ভালো দর্শক সাড়া পাচ্ছি। ‘চিটিং মাস্টার’ নাটকটি সম্প্রতি আরটিভিতে প্রচার শুরু হয়েছে। এখানেও আমি ময়মনসিংহের ভাষায় কথা বলি। বাড়ির ভাড়াটিয়া ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করি। ‘মহাগুরু’ ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে বাংলাভিশনে। পরিচালনা করছেন কায়সার আহমেদ। তার আরও দুটি ধারাবাহিক নাটক করছি। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘অ্যাকশন গোয়েন্দা’ করছি এশিয়ান টিভির জন্য। এ ছাড়া ইটিভিতে প্রচার হচ্ছে হিমু আকরাম পরিচালিত ‘বিদেশি জামাই’ ও আল হাজেনের ‘ভবঘুরে’। সম্প্রতি এনটিভিতে শেষ হলো ‘মি. টেনশন’ নাটকটি।

উপস্থাপনায়ও সরব

বর্তমানে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। এসএ টিভিতে চলছে ‘সাইন অন’। আর এটিএন বাংলায় দেখানো হচ্ছে ‘চার দেয়ালের কাব্য’।

অন্যান্য ব্যস্ততা

এতগুলো ধারাবাহিক ও অনুষ্ঠান করতে গিয়ে খ-নাটকের জন্য সময় বের করতে পারছি না। তবে বিশেষ দিবসের ভালো গল্পের খ-নাটকগুলো করছি। এর বাইরে সম্প্রতি অনন্য মামুনের ‘জার্নি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এর শ্যুটিংয়ের জন্য আগামী ১ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া যাব। এতে আরও কাজ করবেন চিত্রনায়িকা আঁচল, বিপাশা কবির প্রমুখ।