অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

অর্থ আত্মসাতের মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান বলেন, ‘কায়সার হামিদ এমএলএম ব্যবসার মাধ্যমে বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।’ এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘তিনি এখন আমাদের হেফাজতে রয়েছেন। তাকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’ সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ হেল বাকি দেশ রূপান্তরকে বলেন, ‘নিউ ওয়ে সোসাইটি লিমিটেড নামে কায়সার হামিদের একটি এমএলএম কোম্পানি ছিল। এই কোম্পানিতে অনেকে টাকা দিয়েছেন। তিনি কারও টাকা ফেরত দেননি। ক্ষতিগ্রস্তরা ২০১৪ সালে বনানী থানায় একটি মামলা করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’