মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ আরপিও সংশোধন হচ্ছে

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক হবে আজ সোমবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের (আরপিও) খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে কার্যকর করার জন্য জরুরি ভিত্তিতে আরপিও সংশোধন করা হয়। ওই সময় সংসদ অধিবেশন না থাকায় তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। আইন অনুযায়ী অধ্যাদেশ জারি হওয়ার পর সংসদের প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতি আগামী ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। বাধ্যবাধকতার কারণে এ অধিবেশনে আরপিও সংশোধনের খসড়া উপস্থাপন করা হবে। অধ্যাদেশটি আইনে পরিণত করতে হলে সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে পরবর্তী ৩০ দিনের মধ্যে সংসদে বিল আকারে পাস করাতে হবে। অন্যথায় অধ্যাদেশটি কার্যকারিতা হারাবে। সংসদে উপস্থাপনের জন্যই আজ আরপিও অনুমোদন করা হতে পারে।

আরপিও সংশোধনীতে যেসব বিষয় রয়েছে সেগুলো হচ্ছে একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, মনোনয়নপত্র দাখিলের পূর্বদিন পর্যন্ত খেলাপিঋণ পরিশোধের সুযোগ প্রদান, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ প্রদান এবং ইভিএম সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান সংযোজন।

আরপিও সংশোধন ছাড়াও আজকের বৈঠকে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন,  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইনের নীতিগত অনুমোদন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা বিধিমালা, ২০১৫ এর আলোকে প্রতিবন্ধীবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন দেওয়া হতে পারে। এসব আইন ও বিধির খসড়া গত বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্যদের কাছে পাঠানো হয়।

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়। এর ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ হয়। শপথ নেওয়ার পর মন্ত্রীরা কাজ শুরু করলেও কোনো মন্ত্রিসভা বৈঠক হয়নি।