কালোবাজারি বন্ধে ও গ্রাহক হয়রানি রোধ করতে রেলের টিকিট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
গতকাল রবিবার রেলভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, ‘গত দশ বছরে রেলে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়লেও টিকিট কালোবাজারি রেলের সব অর্জন নষ্ট করে দিচ্ছে। আমি চাই এটি বন্ধ হোক। এনআইডি ছাড়া যদি আমি টিকিট না করতে পারি তাহলে কমে যাবে। এ ডিভাইসের কাজ শুরু করা গেলে এটি ভালো উদ্যোগ হবে।’
মন্ত্রী বলেন, ‘রেল পরিবহনে অভিযোগবিহীনভাবে সেবা দেওয়াই মূল চ্যালেঞ্জ। চাহিদার সঙ্গে যখন বাস্তবতার সামঞ্জস্য না থাকে তখন টিকিট কালোবাজারি হয়।’ স্টেশনমাস্টারের জবাবদিহিতা নিশ্চিত করতে এনআইডি দিয়ে টিকিট কেনার পদ্ধতি শুরু করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘ডিভাইসটা আমরা করতে চাচ্ছি, বাধ্যবাধকতা থাকলে স্টেশনমাস্টার টিকিট দিতে পারবে না, সিস্টেমটা তৈরি করতে হবে। আগামী সপ্তাহে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী রেলভবনে আসবেন। রেলের সেবাটা আরও কীভাবে ডিজিটাল করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’
আগামীতে রেলের মেগা প্রকল্পগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে নুরুল ইসলাম সুজন বলেন, ‘কথা কম, কাজ বেশিÑ এই নীতিতে থাকতে চাই।’
উল্লেখ্য, এ বছরের শুরু থেকে এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসের টিকিট কেনার পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করেছে রেলওয়ে। একটি এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বরের বিপরীতে চারটি টিকিট সংগ্রহ করা যাচ্ছে। এছাড়া একটি নম্বর দিয়ে প্রতিদিন একবারই টিকিট সংগ্রহ করা যাচ্ছে।
১ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হলেও ১৫ জানুয়ারি থেকে ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টারেও সোনার বাংলার টিকিট কিনতে এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর দিতে হচ্ছে যাত্রীদের।