নিউ ইয়র্ক টাইমসকে রাষ্ট্রদূতের চিঠি

গত ১৬ জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ‘বাংলাদেশের প্রহসনের নির্বাচন’- শীর্ষক সম্পাদকীয়র বিষয়ে চিঠি দিয়ে ব্যাখ্যা দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

চিঠিতে বলা হয়, সম্পাদকীয়তে যথার্থই চিহ্নিত করা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নির্বাচিত হয়েছেন। একটি বিকাশমান অর্থনীতি, নাটকীয়ভাবে দারিদ্র্য হ্রাস এবং মানবসম্পদ উন্নয়নের সূচক বাংলাদেশের প্রবৃদ্ধি নিশ্চিত করেছে। কিন্তু এটা ভুল যখন সম্পাদকীয়তে এই সুপারিশ রাখা হয়েছে যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল বাংলাদেশ আওয়ামী লীগ তাকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখিয়েছে।

গত ১৮ জানুয়ারি তিনি পত্রিকাটির সম্পাদকের কাছে ওই চিঠি লেখেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

চিঠিতে জিয়াউদ্দিন বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্বাচন-পূর্ব সহিংসতা দমন করেছে। কিন্তু তার উদ্দেশ্য রাজনৈতিক ছিল না, বরং ছিল সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। আর যা কি না অধিকাংশ নির্বাচন পর্যবেক্ষক বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশে কোনো বড় ধরনের আটকের ঘটনা ঘটেনি। বরং অতীতের নির্বাচনগুলোর তুলনায় ২০১৮ সালের নির্বাচন ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ। জনগণ তাদের সরকার বেছে নিতে নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি দেখে থাকে। জিয়াউদ্দিন উল্লেখ করেন, নির্বাচনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ বিষয় নিশ্চিত করা হয়েছিল। মানুষ উন্নয়নের স্বার্থে এই দলকে বিপুল ভোটে জয়ী করেছে।