দেম্বেলের গোলের দিন বার্সাকে জেতালেন মেসি-সুয়ারেস

লা লিগায় প্রায় এক মাস পর গোল করে বার্সাকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে আবার পিছিয়ে পড়ে তারা। এরপর লুইস সুয়ারেসের বিতর্কিত গোল। আলোচনার রেশ থামে বেঞ্চ থেকে নেমেই গোল করা লিওনেল মেসির নৈপুণ্যে।

কাম্প নউয়ে রোববার রাতে লেগানেসের বিপক্ষে ‘তিন তারকা’র সৌজন্যে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।

বার্সা সব প্রতিযোগিতায় এই নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত। ২০ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ৪৬। হুয়েস্কাকে ৩-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৫ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। চতুর্থ স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩।

বার্সা এদিন এগিয়ে যায় ম্যাচের ৩২ মিনিটের সময়। জর্দি আলবার থেকে ফিরতি পাস পেয়ে বল গোলে প্লেস করেন দেম্বেলে। পোস্টে লেগে সেটি জালে জড়িয়ে যায়। চলতি লিগে এটা তার অষ্টম গোল। লিগে দেম্বেলে সর্বশেষ গোল করেন গত বছর ২২ ডিসেম্বর।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। ৫৭তম মিনিটে লেগানেসকে এগিয়ে দেন ধারে খেলতে আসা ব্রেথওয়েট।

এরপর ৭১তম মিনিটে সুয়াজের সেই বিতর্কিত গোল। বদলি হিসেবে নেমেই মেসি ম্যাচের গতি পাল্টে দেন। ৭১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক পিচু কুয়েলিয়ার। তিনি ঠেকিয়ে দিলেও ফিরতি বল পেয়ে যান সুয়ারেস। সেই বল তিনি গোলেও পাঠান।

বল জালে পাঠানোর আগে সুয়ারেস কুয়েলিয়ারের মুখ বরাবর যেভাবে পা দেন তাতে ফাউলের আবেদন জানায় লেগানেস। কিন্তু রেফারি সাড়া দেননি।

এই আলোচনা ‘শেষ’ করতে নিজের রূপে হাজির হন মেসি। অতিরিক্ত সময়ের খেলায় ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে চলতি লিগে নিজের ১৮তম গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

বার্সা জয়ে স্বস্তি পেলেও চিন্তা বাড়াচ্ছে দেম্বেলের ইনজুরি। গোড়ালির ইনজুরিতে পড়ে এদিন পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি।