১০ হাসপাতালে দুদকের অভিযান ৬২ শতাংশ চিকিৎসক কর্মস্থলে থাকেন না

দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৬২ শতাংশ চিকিৎসক হাসপাতালে উপস্থিত থাকেন না। ফলে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা হয়রানির শিকার ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০টি হাসপাতালে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এই তথ্য জানিয়েছে।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুদক অভিযোগ কেন্দ্রে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, পাবনায় মোট ১০টি সরকারি হাসপাতালে একযোগে অভিযান পরিচালনা করে দুদক এনফোর্সমেন্ট টিম। এতে রোস্টার ডিউটি বণ্টনকৃত চিকিৎসকের সংখ্যা ২৩০ জন থাকলেও কর্মক্ষেত্রে অনুপস্থিত পাওয়া যায় ৯২ জনকে। তিনি আরও বলেন, ‘যারা উপস্থিত ছিলেন না তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযান চালানোর আগে আমরা সতর্ক থেকেছি যেন গোপনে আমাদের অভিযানের খবর না পেয়ে যায়।’

দুদকের উপপরিচালক আরও জানান, ঢাকার বাইরের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের উপস্থিতি ছিল আরও কম। সাত জেলার মোট হাসপাতালে রোস্টার ডিউটি বণ্টনকৃত চিকিৎসকের সংখ্যা ১৩১ জন থাকলেও অনুপস্থিত ছিলেন ৮১ জন। এ ক্ষেত্রে অনুপস্থিতির হার মোট চিকিৎসকের প্রায় ৬১. ৮ শতাংশ।

গতকাল ঢাকায় মহানগরের কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া নাজিরা বাজার মা ও শিশুসদন, মুগদা জেনারেল হাসপাতালে অভিযান চালায় দুদক। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অভিযানকালে রোগীর স্বজনদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন জরুরি বিভাগের এক কর্মচারী। পরে দুদক টিমের সুপারিশে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে হাসপাতাল কর্র্তৃপক্ষ।

ভুক্তভোগী রোগীরা অভিযোগ করে জানান,  উপজেলা/মফস্বলে পর্যাপ্ত চিকিৎসকদের নিয়োগ দেওয়া হলেও তারা হাসপাতালে চিকিৎসাসেবা না দিয়ে বাইরে প্রাইভেট প্র্যাকটিসে সময় দেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীর্ষ কর্মকর্তারা মাসের বেশির ভাগ সময় অনুপস্থিত থাকেন। এ সুযোগে কনসালট্যান্ট ও মেডিকেল অফিসাররাও কর্মস্থলে ঠিকমতো হাজির থাকেন না। অনেকে সপ্তাহে দু-একদিন হাজিরা খাতায় স্বাক্ষর করে পুরো মাস অনুপস্থিত থাকেন এবং পুরো মাসের বেতন উত্তোলন করেন।

এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়ক দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘স্বাস্থ্য সেক্টরে এ অবক্ষয় অত্যন্ত দুঃখজনক। মানবসেবার চেতনা না থাকলে চিকিৎসাসেবা পরিত্যাগ করা উচিত। তবে দায়িত্বে অবহেলার বিষয়ে দুদক কঠোর অবস্থান নেবে। সারাদেশের স্বাস্থ্য খাত দুদকের নজরদারিতে থাকবে।’