সাভারে বাসে যাত্রীবেশে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ৭ নারীকে গণধোলাই দিয়েছে অন্য যাত্রীরা। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। গতকাল সোমবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলো মারুফা (৪৫), মিতু (২৫), মায়েরুন (২৬), কমলা (২৬), ফরিদা (৫০), বানেছা (৪০) ও জামেলা (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বাসযাত্রী জানান, এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করে এক নারী ছিনতাইকারী। এ সময় যাত্রীরা তাকে আটক করলে অন্য ৬ নারী তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর যাত্রীরা সবাইকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ ওই ৭ নারীকে আটক করে নিয়ে যায়। সাভার মডেল থানার উপপরিদর্শক আবিদ হোসেন খান বলেন, গণপিটুনির শিকার ৭ নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মামলা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।