লেগুনা-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্র নিহত

চট্টগ্রামে দেওয়ানহাটের ধনিয়ালাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে কাজী মাহমুদুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া বায়তুল শরফের সামনে কদমতলী ফ্লাইওভারে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুর সরকারি কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা। সে হালিশহরে গ্রিনভিউ এলাকার বাসিন্দা কাজী আবদুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, স্কুলছাত্র মাহমুদ লেগুনা টেম্পু করে বাসা থেকে স্কুলে যাচ্ছিল। কদতমতলী ফ্লাইওভারে ওঠার জায়গায় অটোরিকশার সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে।