একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বরকে ‘বাংলাদেশের গণতন্ত্র হত্যা দিবস’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ভোটকে কেন্দ্র করে সারা দেশে ৯৬ হাজার মিথ্যা মামলায় ২৬ লাখ মানুষকে আসামি করা হয়েছে। এছাড়া ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, এজন্য জনগণের কাছে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত নির্বাচন-পরবর্তী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘শুধু নির্বাচনের দিনেই ঠাকুরগাঁও-১ আসনে মামলা হয়েছে ২১টি। ৬১৬ জনের নাম উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে, ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের লোকজন কি আইন ভঙ্গ করেছে? আওয়ামী লীগের কর্মীরা তাদের অফিসে আগুন ও ভাঙচুর করে আমাদের নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। এটা কেন? এর কারণ আওয়ামী লীগের সঙ্গে জনগণ নেই। নির্বাচন সুষ্ঠু হলে কোনোভাবেই তারা জয়ী হতে পারবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে ৯৮ হাজার মিথ্যা মামলায় ২৬ লাখ আসামি করা হয়েছে। দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে জেগে উঠতে হবে। সংবিধান ও অধিকার ফিরিয়ে আনতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও এই নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। যারা ভোটের অধিকার-গণতন্ত্র লুট করেছে, মা-বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে, তাদের ক্ষমা করা করা যাবে না।’
এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রশাসনকে ব্যবহার করে সরকার তাদের পক্ষে সিল মেরেছে। ভোটের যে ব্যবধান তা অবান্তর। ভোট ডাকাতি করে, তামাশা করে জিতেছে। ভবিষ্যতে এদেশের মানুষের কাছে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে। হিসাব দিতে হবে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘১৯৭৫ সালে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এবারও গণতন্ত্র হত্যা করল আওয়ামী লীগ। দেশের পত্রিকা ও মিডিয়ায় সত্য প্রকাশ হয়নি। কিন্তু বিদেশি মিডিয়া ভোটের অনিয়ম প্রকাশ করেছে। তারা বলেছে, এ দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি।’
নির্বাচনে নিজ আসনে হেরে যাওয়ার পর এটাই মির্জা ফখরুলের প্রথম ঠাকুরগাঁও সফর। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌসসহ অনেকে বক্তব্য দেন।