রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘বঙ্গবন্ধু সেতুর ৩০০ গজ উত্তরে রেলের জন্য ডাবল লাইনের একটি সেতু নির্মাণ করা হবে। এই সেতু নির্মাণ হলে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগের আরও উন্নতি ঘটবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘রেলওয়ে কারখানা বাংলাদেশে রেলওয়ের একটি বড় সম্পদ সৈয়দপুর রেলওয়ে কারখানা একটি বড় সম্পদ। এই কারখানায় ওয়াগন থেকে শুরু করে কোচ নির্মাণসহ রেলওয়ের যাবতীয় কাজ করার সক্ষমতা আছে এই কারখানায়।’
বিএনপির শাসনামলে গোল্ডেন হ্যান্ডশেকের নামে একসঙ্গে ১০ হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মৃতপ্রায় রেলকে বাঁচাতে ২০১১ সালের ৪ ডিসেম্বর পৃথক রেল মন্ত্রণালয় গঠন করে বিগত সাত বছরে রেলের উন্নয়নে প্রায় ৩৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।’
তিনি বলেন, ‘আলাদা মন্ত্রণালয় গঠন হওয়ার পর থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করার কাজ হাতে নেওয়া হয়েছে, সেই কাজ চলমান রয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার পাশাপাশি এখানে ৪০ একর জমির ওপর ভরতীয় রেলওয়ে সহযোগিতায় আরও একটি মিনি কারখানা তৈরি করা হবে। এই কারখানায় তৈরি হবে রেলের বগি।’
তিনি বলেন, ‘স্টেশন মাস্টার সংকটের কারণে দেশের শতাধিক রেলওয়ে স্টেশন বন্ধ রয়েছে দ্রুত স্টেশন মাস্টার নিয়োগ দিয়ে বন্ধ থাকা এসব স্টেশনগুলোকে চালু করা হবে। আশা করি আগামী পাঁচ বছরে এই রেল বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে পারব।’