গাইবান্ধায় বাসের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকাগামী শ্যামলী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী আজাহার আলী (৫০) ও ইমরান আলী (২৫) নামের দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও তিনজন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজাহার আলীর বাড়ী গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে এবং ইমরান আলীর বাড়ী একই উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিল। পথে রাত সাড়ে নয়টার দিকে বাসটি গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজাহার আলী ও ইমরান আলী মারা যান।

পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাসের চালক ও হেলপারকে আটক করে নিয়ে গেছে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।