সাতক্ষীরায় মৎস্য ঘেরে শ্রমিকের গলাকাটা লাশ

সাতক্ষীরায় আলী হোসেন (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেওড়াতলা মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলী হোসেন সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন পেশায় শ্রমিক ছিলেন। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ নিয়ে তার পরিবার থানায় জিডিও করেছিল। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের ভাই সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবির সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে সালিস বৈঠকও হয়েছিল। এর জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে বলে তিনি ধারণা করছেন।