দুদকের হাতে ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটক

কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. গিয়াসউদ্দিনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদক এর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো: কামরুল আহসান এর নেতৃত্বে একটি টিম কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে অভিযান তাকে আটক করে।

দুদক কর্মকর্তা জানান, জেলা শহরের ইটালী ভবনের মালিক শাহ আব্দুল হাকিম তার একটি জমির দাগ সংশোধন করার জন্য এক সপ্তাহ আগে কিশোরগঞ্জ সদর ভূমি অফিসে দরখাস্ত করেন। ওই ব্যক্তি দুই/তিন দিন অফিসের ঘুরেও কোন প্রতিকার পায়নি। পরে ওই অফিসের সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ হলে তিনি আব্দুল হাকিমের কাছে কাজের বিনিময়ে  ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আব্দুল হাকিম প্রথমে ১০ হাজর টাকা দিতে রাজি হন।

বুধবার টাকা লেনদেন হবে বিষয়টি ময়মনসিংহ বিভাগীয় দুদক কর্মকর্তাদের কাছে অবগত করেন ওই ব্যক্তি। পরে বুধবার ১০ হাজার টাকা গিয়াস উদ্দিনকে দেয়ার সময় ওৎপেতে থাকা দুদকের একটি টিম হাতে নাতে আটক করে তাকে।

ভূমি অফিসের একটি সূত্র জানায় গিয়াস উদ্দিনের চাকরির বয়স আর মাত্র ছয় দিন ছিল। অর্থাৎ চলতি মাসের ৩০ তারিখে তার চাকরির মেয়াদ শেষ হতে যাচ্ছিল।

ময়মনসিংহ বিভাগীয় দুদক এর পরিচালক মো: কামরুল আহসান বলেন, এ বিষয়ে দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে দুদক আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।