চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রামের অসচ্ছল মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল।

বুধবার দুপুরে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে আমানউল্লাহর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে থানায় সোপর্দ করে দুদক।

দুদক বরিশাল কার্যালয় জানায়, ২০১৫-১৬ অর্থ বছরে ২৫১ উপকারভোগীকে তিন মাসে ৯০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও সর্বোচ্চ ৭০ কেজি করে চাল দেওয়া হতো। অন্তত ২০ কেজি করে চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। ওই বছর চাল আত্মসাতের মাধ্যমে প্রায় দুই লাখ টাকার লোপাট করেন চেয়ারম্যান আমান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে দুদক।