‘ট্রেড ওয়ারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রযুক্তি’

যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে বাণিজ্যযুদ্ধ চলছে, তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রযুক্তি খাত। এই হুশিয়ারি বাক্য উচ্চারণ করে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান ক্যান হু বলেন, ‘আমরা হুয়াওয়েসহ বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানে বাণিজ্যযুদ্ধের ক্ষতিকর প্রভাব দেখতে পাচ্ছি।’ মঙ্গলবার সুইজারল্যান্ডের ড্যাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সমাবেশে এই কথা বলেন ক্যান হু।তিনি বলেন, ‘প্রযুক্তি খাতে আমরা বৈশি^ক সাপ্লাই চেইনের ওপর দারুণভাবে নির্ভরশীল। কিন্তু বর্তমানে আমাদের ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি।’

সাম্প্রতিক মাসগুলোতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নিরাপত্তা হুমকিজনিত অভিযোগ আনা হয়। এক অভিযোগে যুক্তরাষ্ট্র কর্র্তৃপক্ষ সতর্কতা জারি করে, হুয়াওয়ের পণ্য আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এমন অভিযোগের ফলে ওই দেশগুলোতে ফাইভ-জি নেটওয়ার্কের জন্য হুয়াওয়ের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়।

তবে, চীনের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ে।

এ ছাড়া সম্প্রতি কোম্পানিটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা এবং হুয়াওয়ে প্রতিষ্ঠাতার মেয়ে ম্যাং ওয়ানঝুকে কানাডায় গ্রেপ্তার করা হলে আরও উদ্বিগ্ন হয়ে ওঠে কোম্পানিটি। ম্যাংয়ের বিরুদ্ধে ইরানকে সহযোগিতার অভিযোগ আনা হয়। জানা গেছে, কানাডার সরকারের কাছে ম্যাংকে হস্তান্তরের আবেদন জানাতে পারে যুক্তরাষ্ট্র। ম্যাংয়ের বিরুদ্ধে আনা অভিযোগেরও তীব্র নিন্দা জানিয়েছে হুয়াওয়ে। ধারণা করা হচ্ছে, হুয়াওয়ের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো আসলে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধের ফল।