শিগগিরই বাণিজ্যিক ভিত্তিতে সোনালি ব্যাগ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে পাটে তৈরি ‘সোনালি ব্যাগ’। গতকাল সচিবালয়ে সোনালি ব্যাগের উদ্ভাবক ও বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক হোসেন বস্ত্র ও পাটমন্ত্রীকে সোনালি ব্যাগের নমুনা হস্তান্তরকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান । পাটমন্ত্রী গোলাম দস্তগীর বলেন, সরকার কাঁচাপাট ও বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন, পাটজাত পণ্য রপ্তানি ও অভ্যন্তরীণ ব্যবহার বাড়াতে এবং পরিবেশ সুরক্ষায় পলিথিন বর্জনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাটকে বিশ্ববাজারে তুলে ধরতে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ২৩৫ রকম পাটপণ্যের স্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।