ডিএসইতে ১৩শ কোটি টাকার লেনদেন

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৪৭ এএম

ধারাবাহিক উত্থানে রয়েছে দেশের শেয়ারবাজার। গতকাল বুধবার ইতিবাচক ধারা বজায় রেখে লেনদেন কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১ হাজার ২৭৯ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচক ছিল ইতিবাচক ধারায়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর আশ^াসে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে বাজেট পরবর্তী সময়ে বাজার পরিস্থিতি কি হয় সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকরা।

তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান।

ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৮ লাখ ২১ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৬৪টির এবং ২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৫ পয়েন্টে, সিএসসিএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৩৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত