আশরাফের আসনে মনোনয়ন ফরম নিলেন তার ছোট ভাই

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান তার ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। গতকাল বুধবার দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

৩০ ডিসেম্বরের এই নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হলেও শপথ নেওয়ার আগেই ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেদিনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি শপথ গ্রহণ করতে না পারায় এই আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি পুনর্নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই ও ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।