বাসায় ডেকে নগ্ন ছবি তুলে প্রতারণা নারীসহ গ্রেপ্তার ৬

বরিশালে গৃহকর্মী সরবরাহের কথা বলে এক ব্যক্তিকে ডেকে এক বাড়িতে নিয়ে তাকে নগ্ন করে এক মেয়ের সঙ্গে জড়িয়ে ছবি তুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো আয়েশা আক্তার, সুমন সরদার, মুন্না চৌধুরী, মনির হাওলাদার, তানভির খান, জুলহাস সরদার। গত মঙ্গলবার আমানতগঞ্জ এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন জানান। গতকাল বুধবার দুপুরে বরিশাল মহানগর পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আয়েশা আক্তার বাসায় কাজের মেয়ে দেওয়ার কথা বলে তারেক খান নামে একজনকে গত রবিবার আমানতগঞ্জ এলাকায় হাসিনা মঞ্জিলের চতুর্থ তলার ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তাকে মারধরের পর নগ্ন করা হয়। এক পর্যায়ে জোরপূর্বক সুমিকে জড়িয়ে ধরে তাকে ছবি তুলতে বাধ্য করে। মোবাইল ক্যামেরায় ধারণ করা সেই ছবি প্রকাশের ভয় দেখিয়ে তারেকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। এক বন্ধুর মাধ্যমে বিকাশে ২০ হাজার টাকা পরিশোধ ও বাকি টাকা পরিশোধের আশ্বাস দিয়ে মুক্ত হন তারেক।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার ও পর্নোগ্রাফি তৈরি আইনে মামলা দায়ের করেছেন প্রতারণার শিকার মো. তারেক খান। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার দুই আসামি সুমি আক্তার ও রেজাউল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।