আমার সময়ের সেরা বাঙালি সুরকার বুলবুল : কবীর সুমন

সদ্যপ্রয়াত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে তার সময়ের ‘সেরা বাঙালি সুরকার’ হিসেবে অভিহিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতজ্ঞ কবীর সুমন। গত বুধবার রাতে নিজের ফেইসবুক স্ট্যাটাসে কবীর সুমন লিখেছেন, ‘‘আমার সময়ের এক সেরা বাঙালি সুরকার বাংলাদেশের আহমেদ ইমতিয়াজ বুলবুল চলে গেলেন। পশ্চিমবাংলার অনেকে তাকে সহজেই চিনবেন ‘সবকটা জানালা খুলে দাও না’ গানটির সুরকার হিসেবে।’’

কবীর সুমন আরও লিখেছেন, ‘তিনি গান লিখতেন কি না ঠিক জানি না। তবে নানান স্মরণীয় গানের সুরকার যে তিনি তা জানি বিলক্ষণ। তার একটি হলো সেই রেললাইনের ধারে। মাঝি নাও ছাড়িয়া দে- গানটিও কি তার সুর? বুড়ো মাথার বুড়ো স্মৃতি আর টানতে পারছে না।

এই গানের সুরতালছন্দ-বাঁধুনির ঐতিহ্যে তার মন ছিল সম্পৃক্ত। তেমনি, গানের সুর করার পাশাপাশি যন্ত্রানুষঙ্গ রচনা নিয়ে তিনি উল্লেখযোগ্য কাজ করে গিয়েছেন। বাংলাদেশের একাধিক নবীন সুরকারের ওপর তার প্রভাব লক্ষ করা যায়। তার সঙ্গে একবারই দেখা হয়েছিল ঢাকায়। অনেক বছর আগে। সদালাপী, পরিহাসপ্রিয়, শিষ্টাচারী মানুষ। বিনয়ী। কয়েক মিনিটেই বুঝেছিলাম বন্ধুবৎসল। বুলবুলের সঙ্গে আমার যোগাযোগ ছিল না। কিন্তু আধুনিক বাংলা গানের সুরকার ও শিল্পী হিসেবে তিনি তো দীর্ঘকাল আমার মনের প্রতিবেশী। সত্যিকার এক গুণী সুরকার শিল্পীকে হারাল পৃথিবী। আমার আধুনিক গানের দুনিয়ায় আমি আরও একা হয়ে গেলাম। একই মহল্লার বাসিন্দা ছিলাম যে আমরা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুন্দর, মননশীলতাপূর্ণ ও প্রাণবন্ত সৃষ্টি তাকে অমর করে রাখল।’