আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচনে বিজয়ীরা গঠন করবে দুই বছর মেয়াদি (২০১৮-১৯) পরিচালনা কমিটি। নির্বাচন গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে যায়। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি প্যানেল (গুলজার-খোকন প্যানেল ও বাদল খন্দকার-বজলুর রশিদ চৌধুরী প্যানেল)। এর বাইরেও হাতেগোনা কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বৃহস্পতিবার এফডিসি ঘুরে দেখা যায়, নির্বাচনী আমেজে ভাসছে পুরো এফডিসি। মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী সাফি উদ্দিন সাফি দেশ রূপান্তরকে বলেন, ‘ভোট নয়, আমাদের কাছে ঈদের মতো মনে হচ্ছে। জয়-পরাজয় ভিন্ন কথা, উৎসবের আমেজে আমরা নির্বাচন করতে চাই।’ সাফির সঙ্গে কথা শেষ হতেই দেখা হলো আন্তর্জাতিক ও প্রযুক্তি সচিব পদের প্রার্থী মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে। তিনি বলেন, ‘জানি না বিজয়ী হব কি না, তবে আমি আত্মবিশ্বাসী। এখন দেখা যাক কী হয়।’
গত মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বদিউল আলম খোকন। এবারও একই পদে প্রার্থী হয়েছেন তিনি। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘গত দুই বছর আমরা প্রচুর কাজ করেছি। তার ধারাবাহিকতায় এই নির্বাচনে জয়ী হতে পারলে সিনেমা হল থেকে শুরু করে প্রতিটি সেক্টর ধরে ধরে আমরা পদক্ষেপ নেব।’