বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলের কাছে ভাসানচর এলাকায় গম ও ভুট্টাবাহী দুটি ছোট জাহাজ ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে জাহাজডুবির ঘটনা দুটি ঘটে। জাহাজ দুটির একটিতে বসুন্ধরা গ্রুপের গম ছিল বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম থেকে বসুন্ধরা গ্রুপের ১ হাজার ৭শ টন গম নিয়ে এমভি খাজা বাবা ফরিদপুরী নামে একটি জাহাজ নারায়ণগঞ্জ যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টায় দিকে বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলের কাছে ভাসানচর এলাকায় জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় একজন নাবিক নিখোঁজ রয়েছেন।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে ভাসানচরের কাছে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ভুট্টাবাহী এমভি এন ইসলাম নামে একটি লাইটার জাহাজের তলা ফেটে যায়। এতে পানি ঢুকে চরের কাছে ডুবে যায় জাহাজটি।
বিআইডব্লিউটিএর উপপরিচালক সেলিম দেশ রূপান্তরকে আরও বলেন, ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) আওতায় পরিচালিত হয় জাহাজ দুটি। এমভি খাজা বাবা ফরিদপুরী জাহাজের ১৩ নাবিকের মধ্যে ১২ জন নিরাপদে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে অভিযান চলছে। এমভি এন ইসলামের সব নাবিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হন বলেও জানান তিনি।