ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে ফেসবুক যখন টালমাটাল, তখন নিজেদের পক্ষে সাফাই গেয়ে দায় সারতে চাইছেন প্রতিষ্ঠানটির প্রধান এবং সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলছেন, গ্রাহককে ভালো সেবা দিতেই তারা এসব কাজ করেন!
ওয়াল স্ট্রিট জার্নালের মতামত বিভাগে তিনি লিখেছেন, ‘আমরা ব্যবহারকারীর তথ্য বিক্রি করি না। বরং ভিন্ন কৌশল ব্যবহার করি। ’
গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাচারের অভিযোগে ওয়াশিংটন ডি সি’র অ্যাটর্নি জেনারেল কার্ল রেসেইন গত ডিসেম্বরে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেন। তারপর এই প্রথম মুখ খুললেন জাকারবার্গ।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে গ্রাহকের তথ্য বিক্রি করে ফেসবুক। সেই তথ্য দিয়ে প্রতিষ্ঠানটি ট্রাম্পকে নির্বাচনী প্রচারে সহায়তা করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে জাকারবার্গ বিপাকে পড়েন। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষমা পর্যন্ত চাইতে হয়। শুধু তাই নয়, গ্রাহকের তথ্যের অপব্যবহার করায় ব্রিটিশ এমপিদের কাছে ব্যাখ্যাও দিতে হয় তাকে।
সম্প্রতি পিউ রিসার্চ জানায়, একজন ব্যবহারকারী কোন কোন পেজে বেশি সময় কাটান, কী বেশি খোঁজেন, তার পছন্দের তালিকায় কী রয়েছে এসব তথ্য ফেসবুক নিয়মিত সংগ্রহ করে। তারপর সেটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে। সেগুলো বিশ্লেষণ করে ফেসবুকে নিজেদের পণ্যের বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানগুলো।
অথচ জাকারবার্গ দাবি করছেন, তারা শুধুমাত্র লাইকের মতো ‘সংকেত’ এবং ব্যবহারকারী কী শেয়ার দিচ্ছেন সেটি ব্যবহার করেন।
গ্রাহককে না জানিয়ে এমন কাজ করায় জাকারবার্গ দোষের কিছুও দেখছেন না, ‘সেবা দিতে হলে আমাদের এমন একটি উপায় দরকার যা সকলের জন্য কার্যকরী। আমরা সেই উপায়ই ব্যবহার করি!’