চিত্রপ্রদর্শনীতে ‘গুরু-শিষ্য’ পরম্পরা

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘গুরু-শিষ্য : শিষ্য-গুরু’ শীর্ষক দলীয় চিত্রপ্রদর্শনী শুরু হয় গত ১৮  জানুয়ারি। প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম। প্রদর্শনীটি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘গুরু-শিষ্য’ পরম্পরা প্রথা হাজার বছরের বাংলার প্রাচ্যকলার সমৃদ্ধ ঐতিহ্যের যথার্থ জ্ঞান বিনিময়ের অনস্বীকার্য ধারা। সে ধারায় উদ্বুদ্ধ হয়ে ‘ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিয়ো’ বাংলাদেশের যাত্রা শুরু। স্টুডিয়োর তিনজন সদস্য মলয় বালা, জাহাঙ্গীর আলম ও অমিত নন্দী; রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায় ও শওকাতুজ্জামানের শিল্পমানস দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত। তাদের আদর্শকে চেতনায় ধারণ করে চিত্রকলা ও সামগ্রিক শিল্প-সংস্কৃতিচর্চায় নিজেদের মনন ও শিল্পবলয় তৈরি করার জন্য শিল্পচর্চার একটি সমৃদ্ধ স্পেস হচ্ছে ‘ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিয়ো’। স্টুডিয়োতে মলয় বালা, জাহাঙ্গীর আলম এবং অমিত নন্দী গুরু-শিষ্য পরম্পরার আদর্শ মেনে চিত্রচর্চা করেন। চিত্রচর্চার সময় গুরু কখনো শিষ্য আবার শিষ্য কখনো গুরুর ভূমিকায় অবতীর্ণ হন। আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে এই প্রদর্শনীটি ‘ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিয়ো’র গুরু-শিষ্য পরম্পরা ধারার প্রথম আয়োজন। প্রদর্শনীতে ধ্রুপদি ঘরানা থেকে শুরু করে সমসাময়িক প্রাচ্যচিত্রকলার নানা অনুষঙ্গ বিদ্যমান। পৌরাণিক উপাখ্যানের অনুষঙ্গ যেমনÑ শকুন্তলা সিরিজচিত্র, রাধা-কৃষ্ণের চিরন্তন প্রণয় ও মহাভারতের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বাংলার নিসর্গচিত্র, বাংলা সাহিত্যের জ্যোতির্ময় নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিভিন্ন মনীষীর প্রতিকৃতি স্থান পেয়েছে। তা ছাড়া সমসাময়িক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চিত্রের বাস্তবানুগ, বিমূর্ত, অর্ধ-বিমূর্ত, প্রতীকী এবং আধুনিক উপস্থাপনও রয়েছে এই প্রদর্শনীতে।

প্রসঙ্গত, প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।