দুদকের জালেই ভুয়া দুদক কর্মকর্তা ধরা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দাবিকৃত ঘুষের টাকা গ্রহণের সময় এক প্রতারককে গ্রেপ্তার করেছে দুদক। রাজধানীর পল্টন থানায় করা এক মামলায় গত বৃহস্পতিবার বিকেলে একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, নয়াপল্টনের একটি রেস্টুরেন্ট থেকে হাসান মুন্না ওরফে রফিককে (২৪) গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) মো. গুলজার আলীর কাছে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ২ লাখ টাকা ঘুষ দাবি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পল্টন থানা পুলিশ। দুদকের গোয়েন্দা ইউনিটের পরিচালক মীর মো. জয়নুল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভুঞার নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি দল রফিককে গ্রেপ্তার করে। গুলজার আলীর বরাত দিয়ে দুদক জানায়, গত ১০ জানুয়ারি দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্যের পিএ পরিচয় দিয়ে একটি নম্বর থেকে তার মোবাইলে কল আসে। রফিক জানায়, তার কাছে গুলজারের অনেক তথ্য, অডিও, ভিডিও রয়েছে। পরবর্তী সময়ে সে ২ লাখ টাকা ঘুষ দাবি করে গুলজারের মোবাইল ফোনে মেসেজ দেয়।

গুলজার দুদকে অভিযোগ করেন, রফিক প্রতিদিন ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে এবং তার ফোন না ধরলে বিভিন্ন মেসেজ পাঠিয়ে মানসম্মানহানি করার কথা জানায়। রফিকের বিরুদ্ধে গুলজার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘মামলার একমাত্র আসামি রফিককে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।’