আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিম-লীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে এবারও তার ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম মনোনয়নপত্র কিনেছেন। নৌকার প্রার্থী হতে চান সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. জাকিয়া নূর লিপিও। তিনি গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া আরও চারজন নিয়েছেন মনোনয়ন ফরম। তবে এগিয়ে রয়েছেন সৈয়দ পরিবারের মেয়ে ও সৈয়দ আশরাফুল ইসলামের বোন লিপি। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একজন সদস্য দেশ
রূপান্তরকে বলেন, কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা লিপিরই বেশি। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়া পেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সৈয়দ আশরাফের বোন লিপি।
জানা গেছে, কিশোরগঞ্জ-১ আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের সাতজন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আজিজুল হক, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রাসেল আশেকী, স্বেচ্ছাসেবক লীগের সহপাঠাগার সম্পাদক এমএ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান হুমায়ুন ও শরীফ আহমেদ সাবি।
গতকাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয় থেকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন মামাতো বোন আনা মিলকী।
জানা গেছে, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দেশে এমবিবিএস শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনে দেশের বাইরে অবস্থান করেছিলেন দীর্ঘদিন। ছাত্রজীবনে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে থাকলেও বর্তমানে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন তিনি।