হবিগঞ্জের মাধবপুরে গভীর রাতে দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছে দুই বোনের শরীর। গতকাল শুক্রবার তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার কলেজপড়–য়া মেয়ে হাবিবা আক্তার (২০) ও তার বোন পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার (১০) নিজেদের ঘরে একসঙ্গে ঘুমিয়ে ছিল।
গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে হাবিবার ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হাবিবার মুখ ঝলসে যায়। দাহ্য পদার্থে আয়েশার হাত ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। এ সময় তারা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান সোহাগ বলেন, ‘এটি এসিড কি না এখনই তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে তা দাহ্য পদার্থ। একটি মেয়ের মুখের প্রায় ৮০ শতাংশ ঝলসে গেছে।’