কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভাঙ্গাপুল গ্রামের ৮ম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ায় মা শিরিনা খাতুন (২৯) ও বিয়ের সাক্ষী আব্দুল আলীমকে (৪০) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল মারুফ এ রায় ঘোষণা করেন।
সোহেল মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, মেয়েটির বিয়ের প্রস্তুতির সংবাদ পেয়ে ছেলে এবং মেয়েপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছিল। তারপরও শুক্রবার সন্ধ্যায় মেয়েটির বিয়ে দেওয়া হয়।
সরেজমিন ঘটনার সত্যতা পাওয়ায় ২০১৭ সালের ‘বাল্যবিবাহ নিরোধ আইনে’র ৮ ধারায় শিরিনা খাতুন এবং আব্দুল আলীমকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি টের পেয়ে আগে থেকেই ছেলেপক্ষ গা ঢাকা দেওয়ায় তাদের পাওয়া যায়নি।