পোশাক শ্রমিকদের মজুরি সংশোধিত কাঠামোর গেজেট জারি

পোশাক শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামোর গেজেট জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার জারি করা ওই প্রজ্ঞাপনে ১৩ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মৌখিক ঘোষণা অনুযায়ী প্রথম থেকে ষষ্ঠ গ্রেডে শ্রমিকদের মজুরি বেড়েছে।

২০১৮ সালের নভেম্বরে পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে ২০১৩ সালের মূল মজুরির সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়ে যে মূল বেতন ছিল শ্রমিকদের, তৃতীয় গ্রেডের শ্রমিকদের মূল বেতন তার চেয়ে কমে যায়। এছাড়া কয়েকটি গ্রেডে মূল বেতন সামান্য বাড়ে। তার প্রেক্ষিতে শ্রমিকরা টানা আন্দোলন শুরু করে। পরে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে ১৩ জানুয়ারি মজুরি কাঠামো সংশোধন করে ছয়টি গ্রেডে মজুরি বাড়ানোর ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সংশোধিত মজুরি কাঠামো গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। ডিসেম্বরের বর্ধিত মজুরি জানুয়ারির মজুরির সঙ্গে ফেব্রুয়ারি মাসে পাবেন শ্রমিকরা।

গেজেট জারি হওয়া সংশোধিত মজুরি কাঠামো বিশ্লেষণে দেখা গেছে, প্রথম গ্রেডের মূল বেতন বেড়েছে ৪৯৮ টাকা, বাড়িভাড়া ভাতা বেড়েছে ২৫৯ টাকা। সব মিলিয়ে গ্রেডটিতে শ্রমিকদের মজুরি ১৭ হাজার ৫১০ থেকে বেড়ে ১৮ হাজার ২৫৭ টাকা হয়েছে।

দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মূল বেতন ৮ হাজার ৫২০ থেকে বেড়ে ৯ হাজার ৪৪ টাকা ও বাড়িভাড়া ভাতা ৪ হাজার ২৬০ থেকে বেড়ে ৪ হাজার ৫২২ টাকা হয়েছে। এতে মোট মজুরি ১৪ হাজার ৬৩০ থেকে বেড়ে হয়েছে ১৫ হাজার ৪১৬ টাকা।

তৃতীয় গ্রেডে মূল মজুরি ছিল ৫ হাজার ১৬০, বাড়িভাড়া ভাতা ছিল ২ হাজার ৫৮০ টাকা। এ গ্রেডে মোট মজুরি ছিল ৯ হাজার ৫৯০ টাকা। সংশোধিত কাঠামোতে মূল মজুরি ৫ হাজার ৩৩০, বাড়িভাড়া ভাতা ২ হাজার ৬৬৫ টাকাসহ মোট মজুরি দাঁড়িয়েছে ৯ হাজার ৮৪৫ টাকা।

চতুর্থ গ্রেডে মূল বেতন ছিল ৪ হাজার ৯৩০ টাকা। সংশোধন করে তা করা হয়েছে ৪ হাজার ৯৯৮ টাকা। এতে বাড়িভাড়া ভাতা ২ হাজার ৪৬৫ থেকে বেড়ে ২ হাজার ৪৯৯ টাকা হয়েছে। গ্রেডটির মোট মজুরি ৯ হাজার ২৪৫ থেকে বেড়ে হয়েছে ৯ হাজার ৩৪৭ টাকা।

পঞ্চম গ্রেডের মূল মজুরি সংশোধন করে ৪ হাজার ৬৭০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৬৮৩ টাকা করা হয়েছে। এতে এ গ্রেডে বাড়িভাড়া ভাতা ২ হাজার ৩৩৫ থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৩৪২ টাকা। গ্রেডটির মোট মজুরি আগের ৮ হাজার ৮৫৫ থেকে বেড়ে এখন ৮ হাজার ৮৭৫ টাকা হয়েছে।

ষষ্ঠ গ্রেডের মূল বেতন ছিল ৪ হাজার ৩৭০ টাকা। ১০ টাকা বাড়িয়ে তা এখন ৪ হাজার ৩৮০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বাড়িভাড়া ভাতা মূল কাঠামোর ২ হাজার ১৮৫ থেকে বেড়ে হয়েছে ২ হাজার ১৯০ টাকা। সব মিলিয়ে ষষ্ঠ গ্রেডের মজুরি ১৫ টাকা বেড়ে ৮ হাজার ৪০৫ থেকে ৮ হাজার ৪২০ টাকা হয়েছে। সপ্তম গ্রেডের মূল বেতন আগের মতোই ৪ হাজার ১০০ টাকা বহাল রেখে মোট মজুরি ৮ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।