ডেন্টাল চিকিৎসায় আমাদের অনেকের মধ্যে অনীহা স্পষ্ট। ডেন্টাল শব্দের অর্থ কিন্তু শুধু দাঁত নয়, দাঁত সম্পর্কীয়, এখানে দাঁতের পাশাপাশি মাড়ি, চোয়ালের হাড়, জিহ্বা, তালু, ঠোঁট, লালা ও লালা গ্রন্থি, মুখের স্নায়ু সব অন্তর্ভুক্ত।
অনেক ক্ষেত্রে দেখা যায়, ডেন্টাল সমস্যায় রোগীরা অপেক্ষাকৃত কম খরচে যাচাই না করে অনুমোদনহীন ভুয়া চিকিৎসক দ্বারা অপচিকিৎসার শিকার অথবা ওষুধের দোকান থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ গ্রহণ করে রোগকে জটিল করে তোলে।
রোগীদের এমন মানসিকতার পেছনে দায়ী হচ্ছে দরিদ্রতা। কম-বেশি অনেকের ধারণা, ডেন্টাল চিকিৎসাতে খরচ অনেক। এই ধারণার যৌক্তিকতা রয়েছে, কারণ অবহেলা বা অপচিকিৎসার শিকার হয়ে রোগীরা রোগকে পুষে রেখে এমন একসময় অনুমোদিত চিকিৎসকের শরণাপন্ন হয়, তখন আর সহজ কোনো চিকিৎসা পদ্ধতির পথ খোলা থাকে না।
সহজভাবে বলতে গেলে রোগীরাই রোগের চিকিৎসা খরচকে বাড়িয়ে তোলে। সমগ্র বিশ্বের ডেন্টাল চিকিৎসকরা ছয় মাস পরপর ডেন্টাল চেকআপের কথা জোরালো ভাবে বলেন। কারণ ডেন্টালের বেশিরভাগ সমস্যা প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ বা কষ্ট দেয় না। সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতিও হয়ে ওঠে জটিল, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। সে কারণে রোগের শুরুতে চিকিৎসা করিয়ে নিলে সব শ্রেণির রোগীর চিকিৎসাব্যয় সহনীয় থাকে।
আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণ রোগীদের স্পষ্ট জানা উচিত, দাঁতের চিকিৎসা খরচ উন্নত বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের দেশে অনেক কম, কিন্তু চিকিৎসা পদ্ধতি সমমানের।
সেই নিশ্চয়তা থেকেই এখন শুধু প্রবাসীরা নয়, ভিনদেশি রোগীরাও ডেন্টাল চিকিৎসায় বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে।
চিকিৎসায় ব্যবহৃত সব ধরনের পদার্থ উন্নত দেশ থেকে সংগ্রহ করতে হয়, যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা, আধুনিক যন্ত্র পরিচালনায় বিদ্যুৎ খরচ, সহকারীদের বেতন সব মিলিয়ে চিকিৎসা খরচ বেশি হয়ে যায়।
সরকারি ও বেসরকাার পর্যায়েও এখন অনেক ডেন্টাল কলেজের পাশাপাশি মেডিকেল কলেজের সঙ্গে ডেন্টাল ইউনিট আছে, যেখানে রোগীরা কম খরচে ভালো চিকিৎসা পেতে পারে।
গত ১০ বছরে দেশে ডেন্টাল চিকিৎসার ব্যাপক উন্নতি হয়েছে, অনুমোদিত প্রায় ১০ হাজারের মতো ডেন্টাল চিকিৎসক সময়ের প্রয়োজনেই নিজেদের নতুন উদ্ভাবিত যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে নিচ্ছে, যার সুফল পেতে শুরু করেছে ১৬ কোটি মানুষ। ডেন্টালের যে কোনো রোগের চিকিৎসায় আমাদের দেশ এখন স্বয়ংসম্পন্ন, শুধু প্রয়োজন সচেতনতা। ডেন্টাল স্বাস্থ্যসেবায় সচেতন হতে হবে, নিজেদের স্বাস্থ্য রক্ষার সঠিক শিক্ষায় শিক্ষিত ও তার অনুশীলন করতে হবে।
রাজ ডেন্টাল ওয়ার্ল্ড, ধানমন্ডি ১৩
রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান ঢাকা। ০১৯১১৩৮৭২৯১