টিনএজারদের খাওয়াদাওয়া

টিনদের মধ্যে ডায়েট করার প্রবণতা দেখা যায়। অথচ এই সময়টাতেই সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার দরকার। টিনদের কেন ডায়েট দরকার, তা জানালেন ডায়েট কাউন্সেলিং সেন্টারের  প্রধান ও পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার।

টিনএজ ছেলেমেয়ে উভয়ের জন্য সারা দিনে ২২০০ থেকে ২৫০০ কিলো ক্যালরি প্রয়োজন হয়। এর মধ্যে প্রোটিন, ভিটামিন ও মিনারেল বেশি দরকার। দিনে ৩০ শতাংশ ফ্যাট দিতে হবে যার ১৬ শতাংশ আসবে স্যাচুরেটেড ফ্যাট থেকে। যেমন ফুল ক্রিম দুধ। ছেলেমেয়েদের এই সময়ে উচ্চতা বাড়ে তাই প্রোটিন বেশি প্রয়োজন। মেয়েদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য দশমিক ৮ গ্রাম, আর ছেলেদের প্রতি কেজি ওজনের জন্য এক গ্রাম দিতে হবে। ক্যালরির অন্তত ১৫ শতাংশ প্রোটিন থেকে আসবে। বাকিটুকু কার্বোহাইড্রেট থেকে। তাদের অ্যাকটিভিটি যত বেশি থাকবে, কার্বোহাইড্রেটের পরিমাণ সেভাবে বাড়বে।

এই সময়ে হাড়ের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম লাগে। প্রতিদিন প্রায় ১৩০০ মিলিগ্রামের মতো ক্যালসিয়াম প্রয়োজন। মিক্সড সবজি যদি খায়, সেখান থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাবে। সঙ্গে যদি এক গ্লাস দুধ খায়, তাহলেও ক্যালসিয়াম পাবে। আয়রন ছেলেদের তুলনায় মেয়েদের বেশি দরকার হয়। ছেলেদের দৈনিক ১০ মিলিগ্রাম, মেয়েদের প্রয়োজন ১৫ মিলিগ্রাম।

আয়রনের জন্য খেতে হবে গরু-খাসির মাংস, মুরগি, ডিম ও মাছ। ভিটামিন সি-র জন্য লেবু, কমলা বেশি খেতে হবে। তাদের বৃদ্ধির জন্য জিংক প্রয়োজন হয়, দৈনিক ১২ থেকে ১৫ মিলিগ্রাম। বাদামজাতীয় খাবার, মিষ্টি আলু, মিষ্টিকুমড়া, সামুদ্রিক মাছ ও ডিম থেকে জিংক আসবে। রোজ একটা ডিম খেতে হবে।

এই বয়সে যারা একটু মুটিয়ে গেছে, তাদের কম খাওয়ানো যাবে না। তাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রম বাড়িয়ে দিতে হবে। বাইরের খাবার বাদ দিয়ে ঘরে তৈরি খাবার বেশি দিতে হবে। খাবে কিন্তু তাকে পরিশ্রমও করতে হবে।

বিশেষ করে তাকে আউটডোর খেলাধুলায় মেতে থাকতে হবে। দৌড়ঝাঁপ করলে তার শরীরের ক্যালরি পুড়বে। এ সময়ে ভিটামিনের প্রচুর চাহিদা থাকে। যেমন ভিটামিন ‘এ’ দরকার হয় চোখের জন্য। এ যুগের টিনরা মোবাইল ফোন নিয়ে মেতে থাকে বলে চোখের বাড়তি যত্নে নিতে হয়। ভিটামিন বি৬, ভিটামিন ই, ডি, সি সবকিছুই এ সময়ে অনেক বেশি দরকার হয়।